বিশ্বকাপের বাছাইতে ইউরোপীয় অঞ্চলের খেলায় গোলে উৎসব করেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সার্জি গানবেরির হ্যাটট্রিক ও জোনাস হেক্টরের জোড়া গোলে সান মেরিনোর জালে গুণে গুণে ৮ গোল দিয়েছে জার্মানরা। একই রাতে ‘বিদ্রোহী’ স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ইংল্যান্ড।
জার্মানদের হয়ে ৭ মিনিটে গোলের শুরু করেন সামি খেদিরা। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গানবেরি। ৩২ মিনিটে হেক্টরের গোলে প্রথমাধেই তিন গোলের লিড পায় জোয়াকিম লো’র দল।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গানবেরি। ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবেক এই আর্সেনাল তারকা। মাঝে ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হেক্টর। ৮২ মিনিটে সপ্তম গোলটি আত্মঘাতী। আর ৮৫ মিনিটে দুই হালি পূর্ণ করেন ভোলান্ড। 
তবে গোলের বন্যায় ২০০৬ সালের দুঃস্বপ্ন মনে করালেও শেষ পর্যন্ত সেটি হয়নি। বিশ্ব বাছাইয়ের সেই ম্যাচে সান মেরিনোকে ১৩-০ গোলে হারিয়েছিল জার্মানি।
জার্মানদের গোল বন্যার রাতে ‘বিদ্রোহী’ স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ইংল্যান্ড। থ্রি-লায়ন্সদের হয়ে ড্যানিয়েল স্টুরিজ, অ্যাডাম লালানা ও গ্যারি কাহিল। এই জয়ে এফ গ্রুপের শীর্ষেই থাকলো ইংলিশরা।
অন্যদিকে পল পগবা ও পায়টের গোলে সুইডেনের বিপক্ষে ২-১ ব্যবধানে কষ্টের জয় পেয়েছে ফ্রান্স।
রাতের অন্য ম্যাচে চেক রিপাবলিক ২-১ গোলে নরওয়েকে, ডেনমার্ক ৪-১ গোলে কাজাকাস্তানকে, স্লোভেনিয়া ১-০ গোলে মাল্টাকে, নর্দান আয়ারল্যান্ড ৪-০ গোলে আজারবাইজানকে, পোল্যান্ড ৩-০ গোলে রুমানিয়াকে এবং স্লোভাকিয়া ৪-০ গোলে হারিয়েছে লিথুয়ানিকে।







