জাবির ঘটনায় রাবিতে বিক্ষোভ: পুলিশের হামলার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অভিযোগ উঠেছে। পুলিশের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীরা হলেন আব্দুল মজিদ অন্তর ও মাজহারুল ইসলাম।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে বিকেল সাড়ে ৫টার দিকে প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা ৬টার দিকে মানববন্ধন শেষে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় পুলিশ তাদেরকে সড়ক ছেড়ে দিতে বলেন।
এরপরও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। এ নিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে দুই শিক্ষার্থী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়।
এদিকে বিক্ষোভের সময় এক বাস চালকের গায়ে হাত তোলায় একজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক শুভ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানায় পুলিশ। তবে আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তরের দাবি আটক শুভ রাজশাহীর বেসরকারি নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।
রাবি সংলগ্ন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। জনসাধারণের ভোগান্তি যেন না হয় সেজন্য শিক্ষার্থীদেরকে মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে যেতে বলা হয়েছিল। আটক শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।






