শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকায় উড়ে চলা মানুষ পাখি

ছাত্ররা রাস্তায় স্কেটিং করে আনন্দ উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা স্কেটিং করে আনন্দ উপভোগ করছে, প্রকৃতি ও খেলার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘এমন যদি হতো, আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ…’ এই গানটির মত নিশ্চিত করে বলতে পারি, পাখির মতো উড়ে বেড়ানোর ইচ্ছা আমাদের সবার মনেই জাগে। এটা বাস্তবে কখনো সম্ভব নাকি? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের যেতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্বপ্নবাজ শিক্ষার্থীর কাছে, যারা তাদের সবুজ ক্যাম্পাসের বুকে কখনো আলো ঝলমলে সকালে, কখনো পড়ন্ত বিকেলে, তারার নিচে রঙিন পাখির মতো উড়ে বেড়ায় মনের আনন্দে।

তাদের পায়ে থাকে চার চার আট চাকার জুতো, যা মাটিকে ছুঁয়ে ছুঁয়ে তাদেরকে নিয়ে ঘুড়ে বেড়ায় বিশাল ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কেটারদের কথাই বলছি। দুই বছর আগেও কিছু ছেলে মেয়েকে প্রায়ই বিচ্ছিন্নভাবে স্কেটিং করতে দেখা যেত, আর আজ সেখানে তারা প্রায় ৩০-৪০ সদস্যের একটি ক্লাব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমনকি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র এবং বিশ্ববিদ্যালয় লেভেলে প্রথম স্কেটিং ক্লাব হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কেটারসদের সবাই এক নামেই চেনে এখন।

যাত্রাটা শুরু হয়েছিল ২০১৫ সালের ১৭ই জানুয়ারি। তারপর থেকে খুব দ্রুত বেড়েছে নতুন স্কেটারের সংখ্যা, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও ক্লাবে যোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বাইরের স্কেটিং প্রেমীরাও।বাংলাদেশের যুবকদের স্কেটিং করে চলার দৃশ্য, প্রকৃতি ও সবুজ পরিবেশের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কেটিং ক্লাবের বর্তমান সভাপতি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪১ তম আবর্তনের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন,‘আমরা যে ইচ্ছেমত বিচ্ছিন্নভাবে শুধু স্কেটিং করি, সেটি নয়। আমাদের ক্লাবের রয়েছে সুনির্দিষ্ট একটি সংবিধান। ক্লাবের প্রত্যেক সদস্যই এই সংবিধানের আওতাধীন। আমরা নিয়মিতভাবে বিশেষ বিশেষ দিবসগুলো স্কেটিং র‌্যালিসহ উদযাপন করে থাকি।

ক্লাবের উপদেষ্টা, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ ক্লাবটির সম্পর্কে বলেন, স্কেটিং ক্লাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে দাঁড় করিয়েছে। এটি ক্যাম্পাসের ছাত্র এবং একই সাথে ক্যাম্পাসের অন্যান্য সদস্যদেরকে দেশ ও সমাজের জন্য ভালো কিছু করতে অনুপ্রাণিত করছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত এই নবীন ক্লাবটি, এরই মধ্যে কয়েকটি সফল ওয়ার্কশপের আয়োজন করেছে। মূলত নতুন সদস্যদের স্কেটিং এর প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে প্রতি বছর ক্লাবটি বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এর সহোযোগিতায় একটি তিন দিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন করে যেখানে ঢাকার প্রফেশনাল লেভেলের দক্ষ ও অভিজ্ঞ স্কেটারদের দ্বারা নবীন স্কেটারদের স্কেটিং এর প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হয়।

এছাড়া ওয়ার্কশপ ছাড়াও সারা-বছর নতুন স্কেটারদের প্রশিক্ষণ দেয়ার জন্য ক্লাবটির রয়েছে নিজস্ব তিনজন প্রশিক্ষক যারা এই বিশ্ববিদ্যালয়েরই অধ্যায়নরত ছাত্র এবং এদের মধ্যে একজন নারী প্রশিক্ষকও রয়েছেন।

উড়তে ভালোবাসা এই তরুণ-তরুণীর দল কিন্তু একই সাথে বেশ স্মার্ট এবং বুদ্ধিমান! তাই তারা তাদের নিরাপত্তার ব্যাপারেও যথেষ্ট সচেতন। স্কেটিং করা ও প্রশিক্ষণের ক্ষেত্রে তাই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ক্লাবের প্রতিটি সদস্য সব ধরনের সতর্কতা পালন করে।

ও হ্যাঁ, আর একটা কথা, কখনো যদি ঘুরতে আসেন প্রকৃতির লীলাভূমি ছবির মতো সুন্দর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং হঠাৎ যদি চোখে পরে যায় চাকায় উড়ে চলা কোনো মানুষ পাখিকে, তবে তার সাথে একটা সেলফি তুলতে ভুলবেন না কিন্তু!

ছবি: মেহেদী হাসান

বিষয়:জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় স্কেটিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…