জাপানে ভূমিকম্পের কারণে সেখানকার কুমামোটো ইউনিভার্সিটিতে বাংলাদেশীদের জন্য ৩ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে কমপক্ষে ৬০ জন বাংলাদেশী আশ্রয় নিয়েছেন। তাদের বেশীরভাগই ছাত্র।
কুমামোটো ইউনিভার্সিটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বাংলাদেশীদের খবর টেলিফোনে চ্যানেলআই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন ফাহিম কবীর জয়। তিনি বলেন, ভূমিকম্পের আশঙ্কার কথা চিন্তা করে আমরা চেষ্টা করছি বাসা-বাড়িতে না থেকে খোলা জায়গায় থাকার।
তিনি আরো বলেন, গত দুই দিনের চেয়ে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি ছিলো এবং কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এ দেশের মাটি যেমন নরম একটু বৃষ্টিতে নরম হয়ে যায় তাই বৃষ্টির পর ভূমিধ্বস হতে পারে। আর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি আরো বড় আকারের ভুমিকম্প হতে পারে ভেবে অনেকেই ভয় পাচ্ছেন।
তিনি আরো বলেন, এই জায়গায় মোটামুটি তিনটি ক্যাম্পাসের ৬০ জন শিক্ষার্থী আছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে শেল্টার হোম খোলা হয়েছে; এই শেল্টার হোমগুলোতেই আশ্রয় নিচ্ছেন সবাই।
যোগাযোগের অবস্থা মোটামুটি ভালো উল্লেখ করে তিনি বলেন, সৌভাগ্যক্রমে এখনো মোবাইল নেটওয়ার্ক চালু থাকায় আমরা সকলের সঙ্গে যোগাযোগ করতে পারছি। তবে গতকালের আক্রমণের পরে এখানকার বেশিরভাগ বাসার গ্যাস ও পানির সংযোগ বন্ধ আছে।
‘এখানকার দোকানগুলোতে কোনো প্রকার খাবার নাই তাই সব দোকান বন্ধ।’ বলেন তিনি।
এর আগে দু’ দফা শক্তিশালী ভূমিকম্পে জাপানের দক্ষিণাঞ্চলে ৯ জন নিহত এবং কমপক্ষে আড়াইশ’ জন আহত হয়।









