তিন বছরেরও বেশি সময় পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবার আন্তর্জাতিক হকিতে ফেরা লাল-সবুজের দল নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে উড়ে গিয়েছিল। পরের ম্যাচে সাউথ কোরিয়ার সাথে তুমুল লড়াই জমিয়ে হারলেও জাপানের বিপক্ষে সেই পুরনো দশাতেই ফিরে গেল আশরাফুলরা।
শনিবার সন্ধ্যায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হওয়া ম্যাচে জাপানের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। জাপানের সাথে স্কিলের তফাত আজ ময়দানে বেশ ভালোভাবেই টের পাওয়া গেছে। যদিও প্রথম কোয়ার্টারে বাংলাদেশ গোল হজম করেনি।
১৮ মিনিটে গোলরক্ষক বিপ্লব কুজুর হিট প্রতিহত করেন। তিন মিনিট পর রিভারস হিটে কেনতা তানাকা দুরন্ত এক হিটে লক্ষ্যভেদ করে জাপানকে এগিয়ে দেন। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাইকি ফুজিশিমা অতিথি দলের হয়ে আরেকটি গোল করেন।
৩৬ মিনিটে কাত রিওসেই পেনাল্টি স্ট্রোক থেকে নিশানাভেদ করলে বাংলাদেশ আসলে তখনই ম্যাচ থেকে ছিটকে যায়।
একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে বাংলাদেশকে চাপে রাখে জাপান। ৪২ মিনিটে তারা তা থেকে গোলের হালিও পূরন করে। কাত রিওসেই আবার এ যাত্রায় জালের দেখা পান।
ম্যাচ সমাপ্তির তিন মিনিট আগে সেরনে তানাকা ফিল্ড গোল করলে বড় পরাজয় নিয়ে মাঠ ত্যাগ করে গোবিনাথের দল।







