তার চীনে যাওয়া নিয়ে অনেক খবর বেরিয়েছে। চীনা লিগে দলের নাম ঠিক বলেও শোনা যায়। কিন্তু হঠাতই পাল্টে গেছে ভবিষ্যত গন্তব্যের রুট। চীন নয়, জাপানই আন্দ্রেস ইনিয়েস্তার নতুন ঠিকানা।
জাপানের লিগে খেলার সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন বার্সেলোনার সাবেক অধিনায়ক। এমনকি বুধবারই তিনি রওনা হয়ে গেছেন সেদেশে। বৃহস্পতিবার তিনি সই করেন জাপানের ভিসেল কোবে ক্লাবে।
২২ বছর বার্সেলোনার জার্সিতে খেলার পরে এবার জে-লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তাকে দলে নিয়েছে ভিসেল কোবের মালিক।
জাপানি এই ক্লাবের মালিক হিরোশি মিকিতানির সঙ্গে বেশ ভালোই যোগাযোগ রয়েছে বার্সেলোনার। বার্সেলোনার এ মৌসুমের স্পনসর ‘রাকুতেন’র চিফ এগজিকিউটিভ মিকিতানি। জাপানের এই ক্লাবটি এখনো পর্যন্ত লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি। তাই ইনিয়েস্তাকে নিয়ে সেই স্বপ্নপূরণ করতে চাইছে।
চ্যাম্পিয়ন হওয়ার তাগিদে গত বছরই জার্মান ফরোয়ার্ড লুকাস পোডোলস্কিকে সই করিয়েছে ভিসেল কোবে। ইনিয়েস্তা ও পোডোলস্কি ঠিক মতো নিজেদের বোঝাপড়া গড়ে তুলতে পারলে সেটাই আশীর্বাদ হয়ে উঠতে পারে এই জাপানি ক্লাবটির জন্য।







