২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া।
রোববার সকাল ৯টা ৩২ মিনিটে তিনি স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের সমাধিতে আসেন। সকাল ১০.৪৫ টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করেন।
এর আগে সকাল ৮ টায় গুলশানের ফিরোজা বাসভবন থেকে সাভারের উদ্দেশ্যে রওয়ানা হন বেগম খালেদা জিয়া।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলের সিনিয়র নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







