আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে মহাজোটি এবং জোটের বাইরে থেকে একাধিক আসনে প্রার্থী হয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ ও বেগম রওশন এরশাদ। জাতীয় পার্টির ২৯ জন মহাজোটের প্রার্থী এবং উন্মুক্ত ১৪৩ প্রার্থীর তালিকাও প্রকাশ করা হয়।
রোববার সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তালিকা জানানো হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মহাজোটের হয়ে প্রার্থী হয়েছেন রংপুর-৩ আসন থেকে। অন্যদিকে ঢাকা-১৭ উন্মুক্ত আসনে প্রার্থী হয়েছেন এইচ.এম. এরশাদ।
বেগম রওশন এরশাদ মহাজোটের হয়ে ময়মনসিংহ-৪ আসন এবং উন্মুক্ত আসন ময়মনসিংহ-৭ থেকে প্রার্থী হয়েছেন। জাতীয় পার্টির আরেক নেতা এমএ কুদ্দুস খান মহাজোটের বাইরে থেকে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে প্রার্থী হয়েছেন।
এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সেখানে আওয়ামী লীগের ২৫৩ জন, মহাজোটের ১৪ দলীয় শরিকদের ১৩ জন, জাতীয় পার্টির (জাপা) ৩১ জন এবং যুক্তফ্রন্টের ৩ জন প্রার্থীর কথা জানানো হয়।
৪৭টি আসনের বাইরেও মহাজোটের শরিকদলগুলো প্রার্থী দিতে চাইলে বাধা না দেয়ার কথা জানানো হয়েছে দলটির নীতি নির্ধারণী মহল থেকে। বিশেষ করে জাতীয় পার্টির জন্য ৪ থেকে ৫টি আসন উন্মুক্ত রাখছে ক্ষমতাসীনরা। তবে শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনগুলোতে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে।








