জাতীয় ঈদগাহে হয়েছে ঈদুল আজহার প্রধান জামাত। বুধবার সকাল ৮টায় দেশের এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান এই জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন।
এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত হয়। এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বায়তুল মোকাররমে ঈদের শেষ জামাত ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।
এছাড়া চ্যানেল আই জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রথম জামাত হয়েছে। চ্যানেল আই মসজিদে সর্বশেষ ঈদ জামাত বেলা সাড়ে ১১টায়।
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদু আজহা উপলক্ষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির ব্রত নিয়ে ঘরে ঘরে চলছে উৎসব।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি তার বাণীতে কোরবানির মর্ম অনুবাধন করে সবাইকে ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে, পবিত্র ঈদ উল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
একাধিক ঈদের জামাত
গুলশান সেন্ট্রাল মসজিদ এবং ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
খিলগাঁও পুরাতন পাকা জামে মসজিদ প্রথম জামাত ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়।
মালিবাগ বাজার জামে মসজিদে প্রথম জামাত সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, যাত্রাবাড়ির মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ায় প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।
পূর্ব রাজাবাজার জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্য বছরের মতো এবারও মুসল্লিরা যাতে নির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে পারেন, সেজন্য রাজধানীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।








