তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি দমনের যুদ্ধে ইউরোপ-আমেরিকার থেকেও শেখ হাসিনার সরকার এগিয়ে। দেশে শান্তি প্রতিষ্ঠা হলেও আমরা কখনো স্বীকার করিনি জঙ্গি দমনের যুদ্ধ শেষ হয়েছে।
রোববার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে জাসদ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে দেশে জঙ্গি দমনে সরকারের সফলতা সর্ম্পকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক আরো বলেন, প্রকাশ্যে যারা অস্ত্র নিয়ে জঙ্গি উৎপাত করছে বা আক্রমণ করছে তার পেছনে যারা আছে তাদেরকে বিচারের সন্মুখীন করা হবে। বেগম খালেদা জিয়া জঙ্গিদের সাথে সম্পর্ক ত্যাগ করলে আমরা জঙ্গি দমনে এগিয়ে যেতে পারতাম।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বিএনপির নেতৃবৃন্দকে স্বীকার করে নেওয়া উচিত যে তারা নির্বাচনে পরাজিত হয়েছেন। তারা জঙ্গি দমনের যুদ্ধে এখনো জঙ্গির পক্ষেই আছেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করলেও তারা জঙ্গির সর্ম্পকে সম্পর্ক ত্যাগ করেননি।
এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







