ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্ত এখনও অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে এমন ৯০৮ জন বিদেশী নাগরিককে খুঁজছে পুলিশ ও গোয়েন্দারা। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দাবি, প্রতিনিয়তই বাড়ছে এমন বিদেশীদের সংখ্যা।
পাকিস্তানসহ ৪টি দেশের নাগরিকদের বাংলাদেশে ঢোকার ভিসা দেয়া হয় এই শর্তে যে তারা বাংলাদেশে এসেই তাদের অবস্থান ও ঠিকানাসহ নির্ধারিত কিছু তথ্য বিশেষ শাখাকে জানাবে। শর্ত সাপেক্ষে ভিসা নিলেও ওই তথ্যগুলো না জানিয়েই লাপাত্তা হয়ে যাচ্ছেন তারা।
পুলিশ বলছে, আমরা যখন যাদের খোঁজ পাচ্ছি হয় তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি; নয়তো তাদের দেশে ফেরত পাঠাচ্ছি।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এদের কেউ কেউ জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ছে কিংবা জঙ্গি তৎপরতা চালাতেই দেশে এসেছে এমন তথ্য আছে গোয়েন্দাদের কাছে।
গোয়েন্দা জালে ধরা পড়ার পর এতদিন কি ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত ছিলেন সেটা দেখেই ব্যবস্থা নেয়া হচ্ছে এসব অবৈধ বিদেশী নাগরিকদের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা বলেন, অবৈধভাবে অবস্থান করা যারাই ধরা পড়ছে; দেখা যাচ্ছে সে কোন না কোন অপরাধের সঙ্গে জড়িত। তাদের কেউ মুদ্রা পাচার কেউ জালমুদ্রা তৈরির চক্র কেউ বা অন্য কোন অপরাধের সঙ্গে জড়িত।








