বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আটক হওয়া ভারতের পশ্চিমবঙ্গের খাগড়াগড় বোমা হামলায় অন্যতম অভিযুক্ত জঙ্গি, জেএমবি’র সুরা সদস্য ও দক্ষিণাঞ্চল প্রধান আবু সাঈদ ওরফে করিম ওরফে শ্যামলকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে বগুড়ার মুখ্য হাকিম আদলত।
শনিবার রাতে বগুড়া গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বগুড়া মুখ্য হাকিম আদালতের বিচারক শ্যাম সুন্দর।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকা থেকে আবু সাঈদকে গুলি ভর্তি বিদেশী পিস্তল, গুলি, চাকুসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
পুলিশ হেড কোয়ার্টারের একটি গোয়েন্দা টিম ও বগুড়ার ডিবি পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত জেলার নন্দীগ্রাম উপজেলা থেকে তাকে গ্রেফতার করে। একটি ৯ এমএম বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি, ১টি বার্মিজ চাকু ও রেজিষ্ট্রেশনহীন একটি মটর সাইকেলও পাওয়া যায় তার কাছে।
পুলিশ সুপার আসাদুজ্জামান শনিবার দুপুরে তার সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, গ্রেফতারকৃত সাঈদ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড় বোমা হামলার অন্যতম অভিযুক্ত। ২০০২ সালে জেএমবিতে যোগদান করে। ২০০৪ সালে রাজশাহী জেলার সামরিক প্রধান হিসেবে দায়িত্ব লাভ করে।
‘২০০৫ সালে নওগাঁ জেলায় একটি বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তার মৃত্যুদণ্ড হয়। এরপর সে ২০০৭ সালে ভারতে পালিয়ে যায়। ২০০৯ সালে মুর্শিদাবাদ জেলার জেএমবি সদস্য ইয়াদুলের মেয়ে খাদিজাকে বিয়ে করে সেখানেই জেএমবির কার্যক্রম পরিচালনা করে।’
২০১৪ সালে ভারতের বর্ধমানের খাগড়াগড় বোমা বিষ্ফোরণের সাথে জড়িত ছিল। সেখানকার আদালতে তার বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র দাখিল হয়।
খাগড়াগড় বোমা বিষ্ফোরণের পর দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি-এনআইএ মোস্ট ওয়ান্টেড হিসেবে তাকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ লাখ রুপি পুরষ্কার ঘোষণা করে। এরপরই সে বাংলাদেশে পালিয়ে আসে।







