জঙ্গিবাদে জড়িতদের বিচার দাবি করেছে হেফাজতে ইসলাম। দেশে জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে আয়োজিত সমাবেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।
সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি ও ধর্মের নামে মানুষ হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। চট্টগ্রামে জুমার নামাজের পর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে সমাবেশে জঙ্গিবাদে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে হেফাজত নেতারা।
হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, যারা প্রকৃত দোষী তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। ইসলামে কোনো সন্ত্রাস নাই। তবে সন্ত্রাস দমনের নামে, জঙ্গিবাদ দমনের নামে নিরপরাধ মানুষকে হয়রানি করাও ইসলামে নাই।
জঙ্গিবাদ, সন্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদে রাজধানীতেও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
পরে বায়তুল মোকাররমের সামনের রাস্তায় মিছিল বের করা হয়।







