সিলেটে বোমা বিস্ফোরণে আহত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে মারা গেছেন। র্যাবের গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদের মৃত্যুকে জঙ্গিবাদের শিকার আরেকটি নক্ষত্র বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও সামরিক বিশ্লেষক আব্দুর রশিদ।
আব্দুর রশিদ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: জঙ্গিবাদের শিকার আর একটি নক্ষত্র হারিয়ে গেল।জন নিরাপত্তার দায় মেটালো জীবন দিয়ে।র্যাবের গোয়েন্দা প্রধান সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের অকাল মৃত্যুতে গভীর শোকাহত।শোক সন্তপ্ত পরিবারের সাথে সমব্যাথি। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

সিলেটের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে শনিবার সন্ধ্যার পর সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং শেষ হওয়ার কয়েক মিনিট পরই ব্রিফিংস্থলের কাছে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।ওই বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ ব্যক্তি নিহত হন। সেসময় আহত হয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ আরো প্রায় ৪০ জন।










