জঙ্গিবাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে জনগণের সম্পৃক্ততা বাড়াতে প্রচারাভিযানের অংশ হিসেবে পোস্টার লাগানো ও লিফলেট বিতরণ করেছে এলিট ফোর্স র্যাব।
গুলশান দুই নম্বর গোল চত্ত্বরের বিভিন্ন শপিং মল এবং রাস্তায় প্রচারাভিযান পরিচালনা শেষে র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, জঙ্গিবাদ দমনে দেশের সকল পর্যায়ের নাগরিকদের আরও বেশি সম্পৃক্ত করতে এই প্রচার অভিযান অব্যাহত থাকবে।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরা এবং শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে জঙ্গিবাদ দমনে সারা দেশে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। যার সর্বশেষ উদাহরণ কল্যাণপুরের ‘অপারেশন স্টর্ম টুয়েন্টি সিক্স’। এতে জঙ্গি আস্তানায় পুলিশের বিশেষ অভিযানে ৯ জঙ্গি নিহত ও পুলিশ সহ কয়েকজন আহত হয়।

ভবিষ্যতে এমন সব অভিযানকে সফল করতে জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা বাড়াতে র্যাবের এই প্রচার অভিযান।
সারাদেশে র্যাবের ১৪টি ব্যাটালিয়ানের মাধ্যমে জঙ্গিবিরোধী প্রচার অভিযান পরিচালনা করবে র্যাব।








