পুলিশের আইজি একেএম শহীদুল হক বলেছেন, এই সময়ে জঙ্গি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। জঙ্গি প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের আদালত এলাকায় পুলিশের হাতে বিভিন্ন সময় উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংসকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় পুলিশের আইজি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা চোখ কান খোলা রাখবেন। কারা জঙ্গি তৎপরতায় জড়িত তাদের সর্ম্পকে আইনশৃংখলা বাহিনীকে তথ্য দিবেন।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে পুলিশের আইজি বলেন, মাদক ব্যক্তি জীবন পারিবারিক জীবন ধ্বংস করে দেয়। এজন্য আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবারকে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে।
এ সময় ৪০ হাজার বোতল ফেন্সিডিল, ১শ ৫৫ কেজি গাজা, ১ হাজার বোতল মদ, ২ হাজার পিস ইয়াবা ধ্বংস করা হয়।
পরে পুলিশের আইজি একেএম শহীদুল হক চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার রহনপুরে পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করেন এবং সেখানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে যোগ দেন।










