রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত নয়জনের
মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে তাদের নাম প্রকাশ করা হবে বলে
জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বুধবার রাজধানীতে এক মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। জঙ্গিবাদ
ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বেতার ওই মতবিনিময় সভার আয়োজন করে।
আছাদুজ্জামান মিয়া বলেন, কল্যাণপুরে অভিযানে আহত অবস্থায় একজনকে আটক করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা গেছে। সেখানে নিহত নয়জনের নাম-পরিচয়ও জানার চেষ্টা চলছে। কিছু তথ্য পাওয়া গেছে। অতীতে দেখা গেছে, জঙ্গিদের নাম নিয়ে বিভ্রান্তি হয়। এবার বিভ্রান্তি এড়াতে সব তথ্য যাচাই-বাছাই শেষে নিশ্চিত হয়েই জঙ্গিদের নাম-পরিচয় জানানো হবে।
তিনি জানান, নিহত নয়জনকে এক বছর আগে জঙ্গি দলে ভেড়ানো হয়। আহত ব্যক্তি অসুস্থ। তাকে সুস্থ করার চেষ্টা চলছে। সুস্থ হলে তার কাছ থেকে বাকি তথ্য নেওয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, নিহত নয়জনের পরিচয় জানার জন্য তাদের আঙুলের ছাপ এনআইডি কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশও যাচাই-বাছাই করছে। নয়জনের লাশেরই ময়নাতদন্ত হবে। তাদের ডিএনএর নমুনাও সংগ্রহ করা হয়েছে।







