সেন্ট কিটসে বাংলাদেশের ইনিংস শেষ হতেই হানা দেয় বৃষ্টি। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকায় ছোট হয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য। ডাকওয়ার্থ ও লুইস মেথড অনুযায়ী সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১১ ওভারে ৯১ রান।
আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছে বাংলাদেশ। বাংলাদেশ ওভারপ্রতি ৭.১৫ হারে রান তুললেও নতুন টার্গেটে ক্যারিবীয়দের করতে হবে ৮. ১০ হারে।
বৃষ্টি-আইনে লাভটা কার হলো সেটি বোঝা যাবে ম্যাচ শেষেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭ রান। দুটি উইকেটই নিয়েছে মোস্তাফিজুর রহমান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তামিম ও সৌম্যর উইকেট হারিয়ে বসা বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট অবদানে।
কিন্তু লোয়ার মিডলঅর্ডারে কেউ ঝড়ো ইনিংস খেলতে না পারায় দেড়শ পাড়ি দিতে পারেনি বাংলাদেশ। ১১ ওভারে ১০০ রান তুলেও ১৪৩-এ থামতে হয়েছে সফরকারীদের। মাহমুদউল্লাহ ৩৫, লিটন ২৪, সাকিব ১৯, মুশফিক ১৫, আরিফুল ১৫ ও মিরাজ করেন ১১ রান।
ম্যাচ শুরুর খানিকক্ষণ আগেও বৃষ্টি হানা দেয় ওয়ার্নার পার্কে। তবে সেটি বাধা হতে পারেনি বাংলাদেশের ব্যাটিংয়ে। নির্ধারিত সময়ের তিন মিনিট পরই ব্যাটিংয়ে নামেন সৌম্য ও তামিম।








