চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম যখন ছোট ছিলেন, তখন থেকে তিনি কলকাতার নায়ক জিতের ছবি দেখতেন। ওই সময় জিতের ভক্ত বনে যান বাংলাদেশের জনপ্রিয় এই নায়িকা।
চলচ্চিত্রে কয়েক বছর কাজের পরে ‘সুলতান’ ছবিতে সেই জিতের সঙ্গেই কাজের সুযোগ পেয়ে মিম হাতছাড়া করেননি। জিতের নায়িকা হয়ে সুলতান ছবিতে অভিনয় করেছেন তিনি।
আজ (রবিবার) সন্ধ্যায় এফডিসির তিন নম্বর ফ্লোরে আর্টরেস ফ্যাশন হাউজের ফটোশুটের ফাঁকে চ্যানেল আই অনলাইনকে মিম বলেন, ক্লাস ফোর-ফাইভে পড়ার সময় জিৎ দার প্রথম ছবি দেখি। তখন থেকে আমি তার ভক্ত। কখনো ভাবিনি তার সাথে কাজ করতে পারবো।
‘সুলতান’ ছবিতে কাজের সুযোগ এলে সেজন্য লুফে নেন মিম। ‘আমার প্রাণের প্রিয়া’ ছবির এই নায়িকা বলেন, জিৎ দার সাথে কাজের অভিজ্ঞতা জমজমাট।
তিনি বলেন, সুলতান আগামী ঈদে মুক্তির কথা কথা রয়েছে। ঈদের সময় দর্শকরা এন্টারটেইনিং ছবি দেখতে চায়। রোমান্স, ইমোশন, অ্যাকশন, কমেডি একেবারে পুরোপুরি বাণিজ্যিক ছবি সুলতান। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি সুলতান।
মিম বলেন, সুলতান ছবিতে আমি একজন উকিলের চরিত্রে অভিনয় করেছি। যে আদালতে কেস নিয়ে কখনো জয়ী হতে পারেনা। একজন ব্যর্থ উকিল। খুব মজা লেগেছে চরিত্রটি। আমার দর্শকদের কাছে একেবারে নতুন চরিত্র এটি।
জিতস ফিল্মস ওয়ার্কস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ছবি সুলতান, এমনটা শোনা গেলেও পরে জানা যায় সুলতান বাংলাদেশে মুক্তি পাবে আমদানি চুক্তিতে।
সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট রুল দিয়েছেন উৎসবে বিদেশি ছবি আমদানি করা যাবে না। তাই সুলতান ঈদে মুক্তি নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়।
এটি নিয়ে মিমের বক্তব্য, এই বিষয়টি নিয়ে আমি পরিষ্কার কিছু জানি না। প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে এই বিষয় নিয়ে আমার কোনো আলাপ হয়নি। যদি ঈদে মুক্তি মিস হয়, তাহলে পরে অবশ্যই আসবে। আমি সুলতানের প্রমোশনের জন্য প্রস্তুত আছি। আমাকে যখনই বলা হবে, আমি প্রমোশনে অংশ নিতে প্রস্তুত আছি।
সুলতান পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। জিৎ-মিম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা, আমান রেজা প্রমুখ। গেল ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হয়েছিল।








