প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বুধবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে হেরে ম্যানচেস্টার সিটির কোচিং ক্যারিয়ার শুরু করলেন পেপ গার্দিওলা।
নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখ এদিন ১-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে।
গত মৌসুমেও এই বায়ার্ন মিউনিখের ডাগআউটে ছিলেন গার্দিওলা। কিন্তু এবার প্রতিপক্ষ হিসেবে! ম্যানসিটির দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তার প্রথম ম্যাচ। আর অভিষেকেই হেরে গেলেন সাবেক বার্সেলোনার সফল এই কোচ।
ম্যাচের ৭৬ মিনিট তখনই দুর্দান্ত এক গোল করে বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন এরডাল অজর্তাক। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বায়ার্ন।
তবে প্রাক মৌসুমের এ হারে ভেঙ্গে পড়ছে না ম্যান সিটির খেলোয়াড়রা। তারা গার্দিওলার কোচিংয়ে সন্তুষ্ট। দলের অধিকাংশ খেলোয়াড়রা জানিয়েছে, পেপ তাদের মন জয় করে নিয়েছে। 
এই ম্যাচ দিয়ে অভিষেক ঘটে বায়ার্ন মিউনিখের কোচ কার্লো আনচেলত্তিরও। আর পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করতে পারায় দারুণ সন্তুষ্ট সাবেক রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ কোচও।








