ঈদের বন্ধের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারো নির্বিচারে বৃক্ষ নিধন শুরু করেছে প্রশাসন। শনিবার সকালেও ১২টি গাছ কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান। কেটে ফেলা গাছগুলোর মধ্যে রয়েছে; কাঁঠাল ও আকাশমনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী আখতার হোসেন বলেন, এক বছর আগে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার জায়গাটি পরিদর্শন করে বিজ্ঞান কারখানা নির্মাণের জন্য ওই স্থান দেখিয়ে দেন। পরবর্তীতে টেন্ডার ও অন্যান্য প্রক্রিয়া শেষ হওয়ার পর গাছ কাটার নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করে স্থাপনা নির্মাণের নামে এতগুলো গাছ কাটায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাম্পাসের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের সমন্বয়ক সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, ক্যাম্পাস খুললে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে নিয়ে আমরা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামবো।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক আবুল হোসেন বলেন, ক্যাম্পাসে এমন কোন জায়গা নেই যেখানে গাছ না কেটে স্থাপনা নির্মাণ করা যাবে। প্রয়োজনে স্থাপনা নির্মাণের পর আমরা ঐ জায়গায় আরো বিপুল পরিমাণে বৃক্ষরোপন করবো।






