ছায়নটের নজরুল সংগীত শিক্ষিকা নাহিয়ান দুরদানা শুচি। ‘নূরের দরিয়া’ নামের অ্যালবামটি শিল্পীর প্রথম হামদ-নাতের অ্যালবাম। এর আগে নজরুল সংগীতের একটি দ্বৈত এবং একটি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয় পেশায় প্রকৌশলী এ শিল্পীর।
অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত অ্যালবামে নির্বাচিত গানগুলো হচ্ছে ‘আল্লাহ আমার প্রভু’, ‘আয় মরু পারের হাওয়া’, ‘খোদার প্রেমে’, ‘মোহাম্মদের নাম’, ‘মরু সাহারা’, ‘নূরের দরিয়া’, ‘রোজ হাসরে’, ‘তৌহিদের মুরশিদ’ এবং ‘তোরা দেখে যা’।
অ্যালবাম প্রসঙ্গে নাহিয়ান দূরদানা শুচি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘প্রায় দুই দশক ধরে গান করছি। হঠাৎ মনে হল আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পড়েছে পবিত্র মাহে রমজানে। একটি আমাদের ধর্মীয় বিষয় এবং অপরটি জাতীয় কবির জন্মদিন। দুটিই আমাদের জন্য অত্যন্ত গুরুত্ববহ। এ ভাবনা থেকেই অ্যালবামটির কাজ শুরু করা। আমার গাওয়া এবং বিশেষভাবে ভালো লাগা ৯টি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। আশা করি, নজরুলের লেখা এই হামদ্-নাতগুলো শ্রোতাদের ভালো লাগবে।’
ছায়ানট সংগীত-বিদ্যায়তনে নজরুল সংগীতের শিক্ষক শিল্পী নাহিয়ান দুরদানা শুচি বর্তমানে সংগীতশিল্পী ও ছায়ানটের সহসভাপতি খায়রুল আনাম শাকিলের কাছে গানের তালিম নিচ্ছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।








