ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তবে ওই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিখোঁজরা ফিরে আসছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজধানীর পলাশী মোড়ের কাছে চা খেয়ে মোটরসাইকেলে করে শনিবার রাতে হলের দিকে ফিরছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল যুবায়ের ভুঁইয়া। এসময় তার সঙ্গে ছিলেন মুহসিন হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাবেক সহ-সভাপতি। সে সময় ব্যক্তিগত একটি গাড়ি থেকে তাদের লক্ষ্য করে গুলি চালালে পায়ে গুলিবিদ্ধ হন যুবায়ের।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, কার অস্ত্র দিয়ে তাকে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কারা ঘটিয়েছে, কার অস্ত্র দিয়ে হয়েছে সেসব আমরা খতিয়ে দেখবো এবং ব্যবস্থা নিবো।
সম্প্রতি নিখোঁজ থাকা শিক্ষার্থীদের ব্যাপারেও কথা বলেন তিনি। বলেন, নিখোঁজদের অনেকে আবার ফিরে এসেছে। নিরাপত্তাবাহিনী খুঁজে অনেকগুলোকে নিয়ে এসেছে। কাজেই নিখোঁজ শব্দটি আর নেই।
কোনো দুর্ঘটনা ঘটার পর ফায়ার সার্ভিস থেকে তদন্ত কমিটি গঠন করে পরবর্তী পদক্ষেপ নেয়া হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।







