ঢাবি উপাচার্য বলেন, গবেষণা ছাড়া কখনো একটি সমাজ বা দেশের প্রবৃদ্ধি হয় না। গবেষণা সংসদ যেভাবে তার কর্মপ্রয়াস চালাচ্ছে এই কর্মপ্রয়াসের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গবেষণার চেতনা নিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীদের এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করে যাবেন বলে জানান উপাচার্য।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক, গবেষক, এমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
তরুণ গবেষকদের উদ্দেশ্যে তিনি বলেন, গবেষণা কখনো একা একা করা যায় না। সাহায্য লাগে। সামাজিক ঊদ্যোগ খুব জরুরি। এক্ষেত্রে গবেষণা সংসদের উদ্যোগটি প্রশংসনীয়।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ আজকে অনেক উন্নতি করেছে। কিন্তু জ্ঞানের বিকাশ ঘটেনি। জ্ঞান ছাড়া আমরা বিকশিত হতে পারবো না। আমাদের মেধা পাচার হয়ে যাচ্ছে। আগেও আমাদের অনেক মেধা পাচার হয়েছে। মেধা পাচার বন্ধে আমাদের কাজ করতে হবে।
এসময় গবেষণার ক্ষেত্রে মার্তৃভাষাকে গুরুত্ব দেয়ার কথা বলেন তিনি। তিনি আরো বলেন, তরুণরা এখন গবেষণার মাধ্যমে সৃষ্টিশীল কাজে যুক্ত হচ্ছে। এর মাধ্যমে তারা জানবে পৃথিবীকে। তারা বিশ্বাস করে, পৃথিবীকে পরিবর্তন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ এন্ড সোসাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।
উদ্বোধনী সেশন শেষে ছিলো ‘উন্নয়ন গবেষণা’ ওপর প্যানেল আলোচনা। এই সেশনের প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল করিম।
অনুষ্ঠানের তৃতীয় সেশন ছিলো তরুণ গবেষকদের সুযোগ ও চ্যালেঞ্জের ওপর বিশেষ সেমিনার। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন কারাসের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীষ, ওপেন একসেস বাংলাশের প্রতিষ্ঠাতা কনক মনিরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুস সামাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক গোলাম রাব্বানি, টিআইবির রিসার্চ এন্ড পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আবু সায়েদ মো: জুয়েল মিয়া, এটুআই এর গবেষক (বিসিএস শিক্ষা) রাকিব রোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় মডার্ন ল্যাংগুয়েজেস ইনস্টিটিউটের কোরিয়ান ভাষার শিক্ষক শিউলি ফাতেহা এবং তরুণ গবেষক ও লেখক আরিফ রহমান।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। ২০১৬ সালের ৬ ডিসেম্বর সংগঠনটি যাত্রা শুরু করলেও বর্ষপূর্তি উদযাপন করে ৭ ডিসেম্বর বৃহস্পতিবার। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা, সভাপতি সাইফুল্লাহ সাদেক।
২০১৬ সালের ৬ ডিসেম্বর Research for a Better World স্লোগান নিয়ে ছাত্রছাত্রীদের গবেষণায় উদ্বুব্ধ করা, শিক্ষার্থীদের গবেষণা ক্যারিয়ারের দিকে ধাবিত করে একটি সুন্দর সমাজ, দেশ ও পৃথিবী বিনির্মাণের ভিশন নিয়ে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। শুরু থেকে ব্যতিক্রমধর্মী সব উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। এটি এখন বিশ্বব্যিালয়ের স্বীকৃত একটি সংঠন। প্রায় ৫শ সদস্য, ১টি কেন্দ্রীয় গবেষণা টিম এবং ১৮ টি বিশেষায়িত গবেষণা টিম নিয়ে নানা বিষয়ে গবেষণা কাজ পরিচালনা করছে ঢাবি গবেষণা সংসদ। প্রত্যেকটি টিমে সুপারভাইজার হিসেবে বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষক সার্বিক সহযোগিতা করছেন।










