পুরো আগস্ট মাস জুড়ে বাঙালির সংগ্রামকে বঙ্গবন্ধুর দৃষ্টিতে তুলে ধরার উদ্যোগ নিয়েছে চ্যানেল আই।
বরেণ্য মানুষদের কণ্ঠে জাতির জনক শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পাঠের মধ্য দিয়ে বাংলাদেশ আর বঙ্গবন্ধুকে জাতির কাছে পৌঁছে দেয়ার এই আয়োজনকে ইতিহাস রক্ষার অংশ বলে অভিনন্দন জানিয়েছেন বিশিষ্টজনেরা।
একটি ডায়েরিতে একটি জাতির জন্মের কথা লিখেছেন একজন মানুষ। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একদিকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমূল্য দলিল।
অন্যদিকে, একটি বইয়ের পাতায় পাতায় নিজের জবানিতে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু হয়ে ওঠার ইতিহাস। চারদিন পর শুরু বাঙ্গালীর শোকের মাস আগস্টের পুরোটা জুড়ে নতুন প্রজন্মের কাছে বিশিষ্টজনদের কণ্ঠে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে চ্যানেল আই।
পাঠের মধ্য দিয়ে জাতির কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরো ভালোভাবে পৌঁছে দেয়ার এ উদ্যোগে সকলকে পাশে চেয়েছেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
শোকের মাসজুড়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠের এই আয়োজনে শুধু রাজধানী নয়, সারাদেশের গুণীমানুষদের অংশগ্রহণের পরিকল্পনাও নিচ্ছে চ্যানেল আই।







