চোখের বদলে চাকরি

পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের ছোঁড়া টিয়ার শেলে চোখের আলো হারানো তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে চাকরি দিয়েছে সরকার। সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে ‘টেলিফোন অপারেটর’ পদে ১ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে সিদ্দিকুরকে নিয়োগ দেয়া হয়েছে। সিদ্দিকুরের চোখ হারানোর ঘটনা সেসময় চরম আলোড়ন তৈরি করেছিল দেশজুড়ে। আহত হবার পরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হলে তার ডান চোখে আলো ফেরার সম্ভাবনা নেই এবং বাম চোখের অবস্থাও ভালো না বলে জানিয়ে দেন চিকিৎসকরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের তত্ত্বাবধানে তাকে চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচার করেও সিদ্দিকুরের চোখে আলো ফেরেনি। বিষয়টি খুবই দু:খজনক। তবে এই দু:খের মধ্যে সিদ্দিকুরের জীবনে কিছুটা সান্ত্ববনা হয়ে এসেছে। বুধবারসচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিয়োগপত্র হাতে নিয়ে সিদ্দিকুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী, সাংবাদিক, শিক্ষক ও বন্ধুদের ধন্যবাদ জানান এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাম চোখে কিছুটা দেখতে পাওয়া সিদ্দিকুর বর্তমান পরিস্থিতিতেই তার স্বপ্নপূরণে কাজ করে যাবেন বলে সেসময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সিদ্দিকুরের এই আশাবাদ ও ঘুরে দাঁড়ানোর এই সাহসকে আমরা শ্রদ্ধা জানাই। তার অস্থায়ী চাকরি যেন যথানিয়মে স্থায়ী হয়, সে বিষয়ে খেয়াল রাখা জরুরি। সেসঙ্গে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর কাছ থেকে এরকম ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। বিষয়গুলো নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষ যত্নবান হবেন বলে আমাদের প্রত্যাশা।



