ইংলিশ প্রিমিয়ার লিগে জায়ান্টদের জয়রথ ছুটছেই। শনিবার দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে চেলসি। ব্লুজদের রাতে বড় জয় পেয়েছে আরেক জায়ান্ট লিভারপুলও। তবে পচা শামুকে পা কেটেছে টটেনহ্যামের। পুচকে ওয়াটফোর্ডের সঙ্গে ড্র করে পয়েন্ট খুইয়েছে স্পাররা।
স্ট্যামফোর্ড ব্রিজে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় চেলসি। ম্যাচের ১২ মিনিটে ডুয়াইট গেইলের গোলে পিছিয়ে পড়া ম্যাচে ব্লুজদের জয়ের নায়ক এডেন হ্যাজার্ড। ২১ মিনিটে সমতা ফেরানোর পর পেনাল্টি থেকে ৭৪ মিনিটে জয়সূচক গোলটিও এসেছে বেলজিয়ান ফরোয়ার্ডের থেকে। মধ্যখানে ৩৩ মিনিটে আলভারো মোরাতার গোল জয়ের পথে রাখে বর্তমান চ্যাম্পিয়নদের।
সেখানে ব্রাইটনের মাঠ থেকে ৫-১ গোলের বিশাল জয় নিয়ে ফিরেছে লিভারপুলও। প্রথমার্ধের ৩০ মিনিটে এমেরি কেনের গোল এগিয়ে দেয় অল রেডদের। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্তো ফিরমিনো। ৪৮ মিনিটে বল জালে জড়িয়ে জোড়া গোল পূর্ণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

ম্যাচের ৫১ মিনিটে গ্লেন মারে পেনাল্টি থেকে ব্রাইটনের ব্যবধান কমালেও লাভ হয়নি। শেষ তিন মিনিটে আরও দুই গোল পায় ইয়ুর্গেন ক্লপের দল। ৮৭ মিনিটে চতুর্থ গোলটি করেন আরেক ব্রাজিলিয়ান ফিলিপে কৌতিনহো। আর ৮৯ মিনিটে ব্রাইটনের লুইস ডাঙ্ক নিজেদের জালে বল জড়িয়ে বড় জয়ই উপহার দেন লিভারপুলকে।
আর ওয়াটফোর্ডের মাঠে ১-১ গোলে ড্র করেছে টটেনহ্যাম। ১৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ক্রিস্টিয়ান কাবাসেলে। ২৫ মিনিটে হিউন মিন সনের সমতাসূচক গোলে টটেনহ্যাম ম্যাচে ফিরলেও শেষঅবধি জয় তুলে নিতে পারেনি। উল্টো ৫২ মিনিটে ডেভিনসন সানচেজ লাল কার্ড দেখলে বাকি সময়টা দশ জনের দল নিয়ে খেলতে হয়েছে মৌরিসিও পচেত্তনির দলকে।

১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চেলসি। সমান ম্যাচে লিভারপুল ও টটেনহ্যামের সংগ্রহ যথাক্রমে ২৯ এবং ২৫। টেবিলে লিভারপুলের স্থান চারে, গোল পার্থক্যে আর স্পারদের জায়গা হয়েছে ছয় নম্বরে। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্টে সবার উপরে আছে ম্যানসিটি। সমান ম্যাচে ৩২ পয়েন্টে ম্যানইউর অবস্থান দ্বিতীয় স্থানে।







