প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মাঠে পথ হারিয়েছে চেলসি। বুধবার রাতে ৪-০ গোলে হেরেছে ব্লুজরা। আরেক জায়ান্ট লিভারপুল ১-১এ সমতা নিয়ে মাঠ ছেড়েছে লেস্টার সিটির বিপক্ষে।
প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৪৭তম মিনিটে প্রথম গোলটি পায় বোর্নমাউথ। জসুয়া কিং স্বাগতিকদের লিড এনে দেন। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড ব্রুকস।
ম্যাচের ৭৪ মিনিটে বোর্নমাউথকে তৃতীয় গোলটি এনে দেন নিজের দ্বিতীয় গোল আদায় করা কিং। আর যোগ করা সময়ে চার্লি ড্যানিয়েলস বড় জয়ের পথে চেলসির জালে শেষ পেরেকটি ঠোকেন।
রাতের অন্য ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলকে তৃতীয় মিনিটেই এগিয়ে দিয়েছিলেন সাদিও মানে। লেস্টারের হ্যারি ম্যাগুইরে প্রথমার্ধের যোগ করা সময়ে সেটি ফিরিয়ে দেন। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর প্রতিপক্ষের জাল খুঁজে নিতে পারেনি। ম্যাচ ১-১এ ড্র।
ড্রয়ের পরও শীর্ষেই আছে লিভারপুল, ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট তাদের। ম্যানসিটি সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। টটেনহ্যাম হটস্পার ৫৪ পয়েন্টে তিনে। আর চেলসি ৪৭ পয়েন্টে আছে পঞ্চম স্থানে। তাদের সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এগিয়ে চারে আছে আর্সেনাল।








