ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় পেয়েছে চেলসি। রোববার সাউদাম্পটনের বিপক্ষে ২-০ গোলে জয় পায় অ্যান্থনিও কন্তের শিষ্যরা। এই জয়ে পয়েন্ট তালিকার চার এ উঠে এলেও শীর্ষ স্থান দখলের লড়াই জমিয়ে তুলেছে লন্ডনের ক্লাবটি। মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ স্থানে আছে ৩টি দল।
চেলসির এ জয়ে ১০ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। ১০ ম্যাচে সমান ২৩ পয়েন্ট ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুলের। তবে গােল ব্যবধানে শীর্ষে ম্যানসিটি। দ্বিতীয় স্থানে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল, আর তিন নম্বরে অলরেডসরা।
হ্যাম্পশায়ারে প্রতিপক্ষের মাঠে খেলার ৬ মিনিটেই বেলজিয়ামের ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় চেলসি। সমতায় ফিরতে প্রথমার্ধে বেশ কয়েক দফা আক্রমন করেও গোলের দেখা পায়নি সাউদাম্পটন।
খেলার ৫৫মিনিটে ব্যবধান দ্বিগুন করেন দিয়েগো কস্তা। এ গোলে লিগে ৮ গোল নিয়ে এককভাবে শীর্ষ গোলদাতা এখন স্পেনের এই ফরোয়ার্ড।
শেষ পর্যন্ত খেলার বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।








