সানচেজ ম্যানইউতে যাওয়ার পর প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও চেলসির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। ম্যাচটি জিতে ইংলিশ ফুটবল লিগের ক্যারাবাও কাপের ফাইনালে উঠেছে তারা। প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ‘ড্র’ হয়েছিল। আগে এই টুর্নামেন্টকে লিগ কাপ বলা হতো। পরে স্পন্সরশীপের কারণে নাম হয়েছে ক্যারাবাও কাপ।
আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে শিরোপা নির্ধারনী ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ২০১০-১১ মৌসুমে সর্বশেষ এই প্রতিযোগিতার ফাইনালে ওঠা আর্সেনাল।
চেলসি এদিন এগিয়ে যায় ম্যাচের সপ্তম মিনিটে। পেদ্রোর ‘থ্র’ বল থেকে বাঁপায়ের শটে দলকে এগিয়ে দেন ইডেন হ্যাজার্ড।
পাঁচ মিনিট বাদে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল। কর্নার থেকে উড়ে আসা বলে নাচো মনরিলের হেড পাল্টা হেডে ফেরাতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন চেলসির জার্মান ডিফেন্ডার অ্যান্টনিও রুডিগার।
আর্সেনাল জয়সূচক গোলের দেখা পায় ৬০তম মিনিটে। গ্রানিত জাকা বাঁপোস্টের খুব কাছ থেকে বল জালে জড়ান।








