প্রিয়াঙ্কা চোপড়ার ‘বেওয়াচ’ ছবির সহশিল্পী ডোয়াইন জনসন। অনেকের কাছে তিনি ‘রক’ হিসেবে বেশি পরিচিত। তার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার চুমুর রসায়নটা বেশ ভালোই জমেছে। তাই বার বার চুমুর দৃশ্যতে তাদের বেশ সাবলীল দেখা যাচ্ছে। এবার ‘বেওয়াচ’ ছবির প্রিমিয়ারে প্রিয়াঙ্কা যখন একটি ইন্টারটেইনমেন্ট পোর্টালে সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখন আচমকা পেছন থেকে উঠে এসে, প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে কাঁধে চুমু দিয়ে বসলেন ডোয়াইন। আর তাতে মোটেও চমকে যাননি প্রিয়াঙ্কা। তিনিও বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে চুমু উপভোগ করেন এবং তখন উৎফুল্ল হয়ে ডোয়াইনকে বলেন, ‘আমি তোমাকে আয়নায় দেখেছি।’ সব মিলিয়ে মনে হলো চুমুটা প্রিয়াঙ্কার কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল না।
আর ডোয়াইনের বিষয়টা ছিল ‘এলাম, দেখলাম, জয় করলাম’ টাইপের। কারণ, তিনি উঠে এলেন, চুমু খেলেন এবং চলে গেলেন। যাওয়ার সময় সাক্ষাৎকার গ্রহণকারীকে শুধু বলে গেলেন, ‘প্রিয়াঙ্কা ইজ অ্যামাজিং।’
আর এটা নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘আমার চুল ডোয়াইনের বেশ পছন্দ, এক কথায় সে আমার চুলে মুগ্ধ।’
শুধু এবারই প্রথম নয়, এর আগেও অসংখ্যবার প্রিয়াঙ্কাকে এভাবে জড়িয়ে চুমু দিয়েছেন ডোয়াইন। তাই বলা যায়, তাদের চুমুর রসায়নটা বেশ ভালোই জমে উঠেছে।
প্রিয়াঙ্কা বর্তমানে তার হলিউডি ছবি ‘বেওয়াচ’–এর প্রচারণা নিয়ে মিয়ামিতে সময় কাটাচ্ছেন। শুধু প্রচারণাই নয়, মিয়ামি সমুদ্রতীরে বিকিনি পড়ে সান-বাথ করা এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ছবিগুলোও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বলিউড লাইফ, মিড-ডে।








