নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে জেলেদের চাল আত্মসাৎ করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে প্রত্যেক আসামিকে অনাদায়ে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
আসামিরা হলেন, নিঝুম দ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মেহেরাজ উদ্দিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. গোলাম ফারুক, নিঝুম দ্বীপ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য তাহেরা বেগম ও ছকিনা খাতুন শাহানারা।
নোয়াখালীর স্পেশাল জজ আদালতের বিচারক এ এনএম মোর্শেদ খান এ রায় দেন।
দুদকের নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, নিঝুম দ্বীপের জাটকা আহরণকারী ৩৮৯ জন হতদরিদ্র জেলের জন্য ২০১৬ সালের মার্চ হতে জুন পর্যন্ত ৪ মাসে ১৬০ কেজি হারে ৬২ দশমিক ২৪ মেট্রিক টন চাল সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়।
কিন্তু জনপ্রতিনিধি হিসেবে তারা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে ক্ষমতার অপব্যবহার করে উপজেলা কমিটির অনুমোদিত তালিকার দরিদ্র ভিজিএফ জেলেদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত পরিমাণ থেকে কম পরিমাণে চাল বিতরণ করে।







