জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাতের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। মুসল্লিরা নির্বিঘ্নে যেন ঈদের জামাত আদায় করতে পারেন, সেজন্য নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সাজানো হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা।
জাতীয় ঈদগাহ ময়দানের প্রবেশপথে স্থাপন করা হয়েছে সুদৃশ্য তোরণ। মঙ্গলবার পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত হবে এই ময়দানে।
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাধারণ মুসল্লিদের নামাজ আদায় করার জন্য ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বৃষ্টির সম্ভাবনা থাকায় সামিয়ানার সাথে দেয়া হয়েছে বৃষ্টি প্রতিরোধক ত্রিপল।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সকালে পুলিশের মহড়া দেখেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. শাহাব উদ্দীন কোরেশী। পরে ময়দান ঘুরে দেখে ঈদ জামাতকে ঘিরে নেয়া নিরাপত্তা সম্পর্কে জানান তিনি।
কমিশনার বলেন, বায়তুল মোকাররম, জাতীয় ঈদগাহসহ ঢাকা শহরের সব ঈদগাহর জন্য আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জাতীয় ঈদগাহে পুলিশ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। চেকপয়েন্টগুলোতে পুলিশকে যথাযথ সহায়তা করার জন্য তিনি নগরবাসীর প্রতি অনুরোধ করেন। কোনো ধরণের ব্যাগ নিয়ে ঈদগাহে যেতেও নিষেধ করেন ভারপ্রাপ্ত কমিশনার।
আবহাওয়া খারাপ থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সকাল সাড়ে ৮টায়।
এদিকে ঈদ জামাতে অংশ নিতে শেষ মুহূর্তে জায়নামাজ, বিভিন্ন ধরনের সুগন্ধি আতর-তসবি আর পছন্দমতো টুপি কেনায় ব্যস্ত মুসল্লিরা।
এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন সড়কে উড়ানো হয়েছে জাতীয় পতাকা আর ঈদ মোবারক লেখা ব্যানার। সাজানো হয়েছে ভাস্কর্য ও সরকারি-বেসরকারি স্থাপনা।







