ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
সেন্ট কিটসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। দুই ওপেনারই আউট হন প্রথম বল মোকাবেলা করতে গিয়ে।
পরে লিটন দাসের সঙ্গে জুটি বেধে প্রতিরোধ গড়েন সাকিব আল হাসান। ২১ বলে ২৪ রান করে লিটন সাজঘরে ফেরার পরের বলেই আউট হন সাকিব। অধিনায়ক করেন ১০ বলে ১৯ রান। পাওয়ার প্লে-র শেষ ওভারে পরপর দুই বলে উইকেট তুলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান কিমো পল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৬০ রান।
খেলা শুরুর খানিক আগেই বৃষ্টির হানা দেয় সেন্ট কিটসে। বৃষ্টি থেমে ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ের ৩ মিনিট পর। ওয়ার্নার পার্কের দর্শকরা মধ্য মাঠে চোখ রাখতে না রাখতেই আউট তামিম! ওয়ানডে সিরিজে যে ওপেনার ভুগিয়েছে স্বাগতিকদের সেই তামিমের উইকেট বিলিয়ে আসা দেখে যেন ক্যারিবীয় দর্শকরাও বিশ্বাস করতে পারছিলেন না।
অফস্পিনার অ্যাসলে নার্সের প্রথম বল হাত থেকে ছাড়ার আগেই ডাউন দ্য উইকেটে এগিয়ে আসেন তামিম। এ বাঁহাতির গতিবিধি বুঝেই বল টেনে দেন নার্স। রামদিনের হাতে স্টাম্পিং হয়ে ফেরেন। তিনে নামা লিটন দাস প্রথম বলে কাট শটে মারেন চার।
সিঞ্চেলস নিয়ে প্রান্ত বদলাতেই সৌম্য সরকার ফেরেন সাজঘরে। জায়গায় দাঁড়িয়ে থেকে দেখেন নিজের বোল্ড হওয়া। অদ্ভূতভাবে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।







