কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ)’র যৌথ উদ্যোগে “চামড়া শিল্প নগরীতে সোশ্যাল কমপ্ল্যায়েন্স নিশ্চিতকরণে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন” এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী এবং আইএল’র বাংলাদেশ অফিসের অফিসার ইন চার্জ মরিস ব্রুকস। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস অ্যাম্বাসির ফার্স্ট সেক্রেটারি (ইকনোমিক অ্যাফেয়ার্স অ্যান্ড আরএমজি) বাস ব্লাউ।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দিন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএলএফ’র মহাসচিব জেড এম কামরুল আনাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্ল্যান কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মুসতাক আহমেদ এবং ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএলএফ’র নির্বাহী পরিচালক এ কে এম আশরাফ উদ্দিন জানান, ২০১৭ সাল থেকে চামড়া শিল্প নগরীতে সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিতের লক্ষ্যে বিএলএফ- এর যে কার্যক্রম, তারই ফল এই জাতীয় কর্মপরিকল্পনা। সংশ্লিষ্ট প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ এবং মতামত নিয়েই এই কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেন, চামড়া শিল্পকে টার্গেট করে একটি আধুনিক পরিবেশ বান্ধব ও যুগোপযোগী চামড়া শিল্পের জন্য আন্তর্জাতিক কমপ্লায়েন্স এর মানদন্ডে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন ধরনের সক্ষমতা একীভূত ও বৃদ্ধি করে সর্বাধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ, পরিবেশ ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও সাসটেইনেবল খাত হিসেবে এলডব্লিউজি সনদ প্রাপ্তি ও বিনিয়োগের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে চামড়া রপ্তানিতে শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার লক্ষ্যেও একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।
চামড়া শিল্পের মালিকদের এই কর্মপরিকল্পনাটি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন তিনি।
চামড়া শিল্প নগরীতে সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিতকরণে জাতীয় কর্মপরিকল্পনার মূল অংশ উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ মেহেদী হাসান।







