বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়ে শেষ হয়েছে চতুর্থ দফার ইউপি নির্বাচন। এখন চলছে ভোট গণনা। সংঘর্ষে সহিংসতায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির কালডাঙ্গি, কুমিল্লার মাধবপুর ও নরসিংদীর শ্রীনগরে ৩ জন নিহত
হওয়ার খবর পাওয়া গেছে। কুমিল্লার মাধবপুরে দুই মেম্বার প্রার্থীর
সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ব্যক্তির নাম তাপস চন্দ্র পাল।
পাবনা, নাটোর, মানিকগঞ্জ, জামালপুর, নড়াইলসহ বিভিন্ন এলাকায় কারচুপির
অভিযোগ এনে ভোটবর্জন করেছেন বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থীরা। নোয়াখালীর একটি
কেন্দ্র দুর্বৃত্তদের হামলায় সহকারী প্রিসাইডিং অফিসর ও একজন পোলিং এজেন্ট
গুলিবিদ্ধ হয়েছেন। আর মুন্সিগঞ্জে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
সংঘর্ষে কুমিল্লা ও নরসিংদীতে দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কুমিল্লার মাধবপুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ব্যক্তির নাম তাপস চন্দ্র পাল। আর নরসিংদীতে নিহতের নাম সুমন।
ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে নির্বাচনী সহিংসতায় ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন মোট ৬ জন। তাছাড়া পাঠাননগর ইউনিয়নে দু’পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়ার পরে সেখানে বিজিবি মোতায়েন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে পৃথক সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। এলাকার বিজয়নগর উপজেলার আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ২ দলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে আখাউড়া-চান্দুরা সড়ক প্রায় ২ঘন্টা বন্ধ থাকে।
পাবনার সুজানগরে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৫ জন।
নরসিংদীর শ্রীনগরে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন।
মুন্সীগঞ্জ মিলকিপাড়ায় ভোটকেন্দ্র দখল নিয়ে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, এক পুলিশ সদস্যসহ আহত ৫ জন।
কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাট কেন্দ্রে নির্ধারিত সময়ের আগে ভোট নেয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ আটক করা হয়েছে ৫ জনকে। পরে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
জালভোটের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১নম্বর বিলাইচন্ডী ইউনিয়নের কইপুল্কি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
জামালপুরের বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় ও আচ্চাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সঙ্গে আটক করা হয়েছে ২ প্রিজাইডিং অফিসারকে।








