চতুর্থবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) ১০ম সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাবির ১০ম সমাবর্তন। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ১০ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। তবে সমাবর্তন বক্তা কে থাকছেন সে বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে ২০১৬ সালের ডিসেম্বর মাসে সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয় এবং পরে ২০১৭ সালের জানুয়ারিতে আবার সমাবর্তনের দ্বিতীয় তারিখ ঘোষণা করেও তা পরিবর্তন করা হয়। পরে চলতি বছর ২৪ মার্চ অনুষ্ঠানের নির্ধারিত দিন ও তারিখ ধার্য করা হয়।
এতে রাষ্ট্রপতি আবদুল হামিদের পরিবর্তে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্ব করবেন বলে ঠিক হয়। কিন্তু গ্রাজুয়েটরা রাষ্ট্রপতির জায়গায় শিক্ষামন্ত্রীর সভাপতিত্ব করা নিয়ে আপত্তি তোলেন। এরপর সমাবর্তনের কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর চোখের অসুস্থতার কারণে আবারও তা স্থগিত করা হয়।
এর আগে ২০১৬ সাবেক উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সময়ে ১০ম সমাবর্তনের নিবন্ধন শুরু হয়। ওই সময়ে মোট পাঁচ হাজার ২৭৫ জন গ্রাজুয়েট নিবন্ধন করেন। এরপর মিজানউদ্দিনের মেয়াদ শেষ হলে নতুন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান আবারও সমাবর্তনের নিবন্ধনের তারিখ ঘোষণা করেন।
এতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি, এমবিবিএস, বিডিএস ডিগ্রি অর্জনকারীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। সমাবর্তনে অংশ নিতে মোট ৬ হাজার ৯ জন গ্রাজুয়েট নিবন্ধন করেছেন।







