চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, আসন্ন জাতীয় কাউন্সিলের প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত।
এতে আরও বলা হয়, নীতিনির্ধারকদের পরামর্শে তাদের প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
দলীয় সূত্রগুলো বলছে, জাতীয় সম্মেলনের প্রস্তুতিতে জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এই মুহূর্তে উপ-নির্বাচনে অংশগ্রহণের চেয়ে সংগঠনকে শক্তিশালী করা বেশি জরুরি।
জাসদ নেতা মইনউদ্দিন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। এই আসনে প্রথমে পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুকে মনোয়ন দেয় জাতীয় পার্টি। পরে তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে হাইকোর্টের রায়ে তা ফিরে পান বাবলু।
এরই মধ্যে আজ উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল জাতীয় পার্টি।







