শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে দুই আবাহনীর লড়াইয়ে জিতেছে চট্টগ্রাম আবাহনী। ঢাকাকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো তারা। আর করাচি ইলেকট্রনিককে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে ইস্ট বেঙ্গল।
চট্টগ্রামের পক্ষে ম্যাচের ৪৬ মিনিটে ফ্রি-কিক থেকে একমাত্র গোলটি করেন জাহিদ। ‘বি’ গ্রুপে দুই ম্যাচে তিন করে পয়েন্ট পেয়েছে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী।
করাচিকে ইলেকট্রিককে ৩-২ গোলে হারিয়ে এই আসর শুরু করে অমলেশ সেনের ঢাকা আবাহনী। আর নিজেদের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে হেরেছিল শফিকুল ইসলাম মানিকের দল।
দিনের অন্য ম্যাচে করাচিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে ইস্ট বেঙ্গল। খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল কলকাতার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ২৫ মিনিটের মধ্যে দুই গোল করেন দুই মিডফিল্ডার অরক ও মোহাম্মদ রফিক।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে স্ট্রাইকার মার্টিন আরেকটি গোল করলে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত হয়ে যায়। ৮৪ মিনিটে একটি গোল পরিশোধ করেন করাচির ফরোয়ার্ড গোলাম রসুল। টানা দুই ম্যাচে হেরে যাওয়ায় এক ম্যাচ বাকী থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করাচির ক্লাবটির।






