টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে দুইদিনব্যাপী প্রথম সেনা কল্যাণ সংস্থা গলফ কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সাজ্জাদুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা।
টুর্নামেন্টে ঘাটাইল ছাড়াও যমুনা, ময়মনসিংহ সেনানিবাসসহ দেশের অন্যান্য গলফ ক্লাব থেকে বিভিন্ন ইভেন্টে সাব জুনিয়র, জুনিয়র, লেডি এবং রেগুলার গলফারসহ মোট ১০০ জন গলফার অংশ নেন।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সাজ্জাদুল হক।







