অষ্টমবারের মত ফুটবলসেরাদের পুরস্কৃত করতে যাচ্ছে গ্লোব সকার। এজন্য বৃহস্পতিবার সেরাদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে অবধারিতভাবেই আছেন মেসি-রোনালদো-নেইমার।
২০১০ সাল থেকে বেশ জাঁকজমকভাবেই বর্ষসেরা ফুটবলার, কোচ, ক্লাব ও সেরা ফুটবল এজেন্টকে পুরস্কৃত করে আসছে গ্লোব সকার অ্যাওয়ার্ড। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব প্লেয়ারস এজেন্ট (ইএফএএ) এবং ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ) যৌথভাবে আয়োজন করে এ অনুষ্ঠান।
শুরুতে কেবল সেরা ক্লাব ডিরেক্টর এবং সেরা এজেন্টকে অ্যাওয়ার্ড দেয়ার কথা থাকলেও প্রথম আসর থেকেই সেরা খেলোয়াড় এবং কোচদেরও পুরস্কৃত করছে গ্লোব সকার।
সেরাদের হাতে পুরস্কার তুলে দিতে ২৮ ডিসেম্বর দুবাইয়ে বসবে অষ্টম আসর। সেরা খেলোয়াড়দের তালিকায় তিন মহাতারকার সঙ্গে আরও জায়গা পেয়েছেন পাওলো দিবালা, জিয়ানলুইজি বুফন, কাইলিয়ান এমবাপে ও সার্জিও রামোস।
সেরা কোচের তালিকায় জায়গা হয়েছে চারজনের। চলতি বছরে ফিফা বর্ষসেরা হওয়ার পর গ্লোব সকারেও জায়গা হয়েছে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের। তার সঙ্গে তালিকায় আছেন ম্যানইউ কোচ হোসে মরিনহো, চেলসি গুরু অ্যান্টনে কন্তে ও জুভেন্টাস কোচ ম্যাক্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি।
সেরা ক্লাবে জায়গা হয়েছে মাত্র তিন ক্লাবের। রিয়াল মাদ্রিদের সঙ্গে জায়গা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও মোনাকোর।







