ইমার্জিং টিমস এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে হোস্ট বাংলাদেশ। বৃহস্পতিবার ম্যাচটি জিতলেই গ্রুপ সেরা হবে মুমিনুল-নাসিরদের দল। টানা দুই ম্যাচে জিতে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
অভিজ্ঞ নাসির সেঞ্চুরি করেছেন আগের ম্যাচেই। মুমিনুলও ফিফটির দেখা পেয়েছেন। তবে বয়সভিত্তিক দলে জুনিয়ররাই এখনো চমক দেখাতে পারেননি। দলের জুনিয়র প্লেয়াররা জ্বলে উঠতে না পারলেও অধিনায়ক মুমিনুল ভরসা হারাচ্ছেন না। তারা সময়মতো সেরাটা দেবে বলেই মনে করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
প্রতিপক্ষ পাকিস্তানও টানা দুই ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাদের বিপক্ষে নামার আগে বুধবার ঐচ্ছিক অনুশীলন ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। তবে এদিনও নেটে সিরিয়াস ক্যাপ্টেন মুমিনুল এবং আজমীর আহমেদসহ কয়েকজন। দলের কয়েকজন ক্রিকেটার যখন ওয়ার্ম-আপ করায় ব্যস্ত, তখন অবশ্য ফুরফুরে মেজাজেই ধরা দিলেন নাসির-শান্তরা।
প্রথম দু’ম্যাচে যথাক্রমে হংকংকে ৮ উইকেটে এবং নেপালকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। কক্সবাজার পর্বের শেষ ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার সকাল ৯’টায়। এরপর সেমি আর ফাইনালের লড়াই চট্টগ্রামে।
ভিডিও রিপোর্ট দেখতে নিচে ক্লিক করুন:









