ব্রিটেনে গবেষণারত বাংলাদেশী বিজ্ঞানীর উদ্ভাবন করা নতুন বহুমুখী সোলার এলইডি টিভি গ্রিন ম্যাঙ্গো এবার বাংলাদেশে। সৌর শক্তির মাধ্যমে এ টিভিতে একই সঙ্গে কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যাবে।
গ্রিন ম্যাঙ্গো উদ্বোধন করে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেছেন, যথাযথ বাজারজাত করা গেলে গ্রামবাংলার মানুষ এ ডিভাইসের মাধ্যমে বৈশ্বিক তথ্য ভান্ডারের সঙ্গে যুক্ত হতে পারবেন।
গ্রিন ম্যাঙ্গো। সৌর শক্তির মাধ্যমে টিভি কম্পিউটার ইন্টারনেট সংযোগ, মোবাইল চার্জ, আলো জ্বালানোসহ বহুমুখী সোলার এলইডি যন্ত্র এটি। পাঁচ বছর গবেষণার পর ব্রিটেনে প্রবাসী বাংলাদেশী মাইনুল ইসলাম সেলিমের উদ্ভাবন।
তিনি বলেন, এটি ছোট একটি ডিভাইজ যার মাধ্যমে শুধু পাওয়ার সাপ্লাই না, ডিজিটাল মিটার অ্যাকসেস, টেলিভিশন অ্যাকসেস, কম্পিউটার অ্যাকসেস একই সাথে হচ্ছে। আবার একই ডিভাইজের মাধ্যমে পাওয়ার সাপ্লাই করছে তার মানে বাতি জ্বলছে, ফ্যান চলছে, মোবাইল চার্জ হচ্ছে, টেলিভিশন চলছে।
রাজধানীতে গ্রীন ম্যাঙ্গোর উদ্বোধন পর্বের প্রধান অতিথি কৃষি উন্নয়ন ও গণমাধ্যমব্যক্তিত্ব শাইখ সিরাজ এ ধরনের সোলারভিত্তিক বৈদ্যুতিক টিভি বিদ্যুৎবিহীন গ্রামীণ মানুষের ক্ষমতায়ন করবে বলে আশা ব্যক্ত করেন।
তিনি বলেন, এই কাজটি মোটেও ক্ষুদ্র পরিসর নয়। এটি বিশাল ব্যাপার। এই কাজটি যদি ঠিকমতো মার্কেটিং করা যায় এবং গ্রাম বাংলায় ছড়িয়ে দেয়া যায় তাহলে অভাবনীয় সাফল্য বয়ে আনবে।
সোলার প্যানেলসহ বহুমুখী ব্যবহার সুবিধার এ যন্ত্রের দাম পড়বে ২০ থেকে ২৫ হাজার টাকা। উদ্ভাবকের প্রত্যাশা, এ যন্ত্র বাংলাদেশের সাধারণ মানুষকে আকৃষ্ট করবে।










