গ্রামীণফোনের নতুন সংযোজন ‘বায়োস্কোপ’

Bioscope beta logo displayed with a green circle and white text on a black background. Channel i News – চ্যানেল আই নিউজ
গ্রামীণফোন জিপি মিউজিকের উন্নত সংস্করণ এবং বায়োস্কোপ বাজারে এনেছে মোবাইল অ্যাপসের মাধ্যমে। গতকাল ১১ আগস্ট শুক্রবার বিকেলে রাজধানীর বারিধারার জিপি হাউজে আয়োজিত অনুষ্ঠানে এই দুটি অ্যাপস উন্মুক্ত করা হয়। পাশাপাশি ঈদ উপলক্ষে জিপি মিউজিক থেকে এসেছে অনেকগুলো অ্যালবাম। এসেছে মাইলস, শুভ্র দেব, আসিফ আকবর, তাহসান, কোনাল, মিনার, নুসরাত, রনি, ঐশি, তানজিব সারোয়ার, অদিত, শুভ্র এবং ডি রকস্টার শুভর অ্যালবাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে আসিফ আকবর বলেন, ‘শিল্পীরা যেন এখানে নিরাপত্তা খুঁজে পায়।’ মাইলসের শাফিন আহমেদ বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির সাথে যুক্ত হওয়ার পরও এর আগে আমরা পাইরেসির শিকার হয়েছি। আশা করছি, এবার সেই নিরাপত্তাটুকু পাব।’ তাহসান বলেন, ‘এবার আমার সপ্তম অ্যালবাম আসছে। অনেক দিন পর। এখন যারা গান শোনার কথা ভাবে, তারা বিলবোর্ড কিংবা বলিউড টপ চার্টের কথা ভাবে না, তারা বাংলা গানের কথাও ভাবে। একসময় ঈদে আমরা নতুন ক্যাসেট কেনার জন্য ছুটে যেতাম। মনে হচ্ছে, এবারও তেমনই হবে। আমাদের সবার একটা বড় ঈদ হবে।’
এখানে গ্রামীণফোন থেকে জানানো হয়, ২০২০ সালের মধ্যে পাইরেসি দূর করা, ৩ কোটি বাংলা ভাষাভাষীর জন্য ইকোসিস্টেম তৈরির উদ্দেশ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
গ্রাামীণফোনের হেড অব ডিজিটাল এন্টারটেইনমেন্ট মুনতাসির হোসেন জানান, জনগণের বর্তমান চাহিদার সঙ্গে মিল রেখে গ্রামীনফোন ২০১৫ সালে চালু করে জিপি মিউজিক। এবার মোবাইলে বিনোদনের জগতকে আরেক ধাপ বাড়াতে টেলিকম কোম্পানির নতুন সংযোজন ‘বায়োস্কোপ’। নতুন আঙ্গিকে দর্শকরা এখানে পাবেন লাইভ রেডিও স্টেশন, ফেসবুক সিঙ্কিং এবং ব্রাউজ, সার্চ, ডাউনলোড ও শেয়ারের সুযোগসহ অন্যান্য ব্যবস্থা। থাকছে চ্যানেল আইসহ বিভিন্ন টিভি চ্যানেল দেখার সুযোগ। আরও থাকছে সিনেমা ও খেলা দেখার সুযোগ। গ্রাহকরা ওয়েবসাইট এবং অ্যাপ, দু’ভাবেই জিপি মিউজিক এবং বায়োস্কোপ ব্যবহার করতে পারবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান এবং বঙ্গ বিডির ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ ভাই ও গ্যাক মিডিয়ার সিইও সাবিরুল ইসলাম।
গ্রামীণফোনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্পন্সর প্রতিষ্ঠান এবং শিল্পীরা। উল্লেখ্য জিপি মিউজিকের কারিগরি অংশিদার গ্যাক মিডিয়া আর বায়োস্কোপের কারিগরি অংশিদার বঙ্গ বিডি।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদন:






