ভোক্তা পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও গ্রাহকের খুব একটা সমস্যা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)’র চেয়ারম্যান এআর খান। কারণ হিসেবে তিনি দেশের মানুষের আয় বাড়ার বিষয় উল্লেখ করেন।
বৃহস্পতিবার সংস্থাটির সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করে দাম বাড়ানোর ঘোষণার সময় তিনি এসব কথা বলেন।
বিদ্যুতের দাম গড়ে ২.৯৩ শতাংশ হারে আর গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ হারে বাড়ানোর ঘোষণা দিয়ে এ আর খান বলেন, নতুন মূল্যহার আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, “পৃথিবীর কোথাও এতো কম দামে গ্যাস পাওয়া যায় না।”
বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, “কোম্পানিগুলো থেকে প্রস্তাব এসেছিল যে দাম বাড়ানোর। ফেব্রুয়ারিতে আমরা শুনানি নিয়েছিলাম। অনেক কিছু বিবেচনা করে সিদ্ধান্তগুলো নিয়েছি আমরা। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম ১৮ পয়সা বাড়ানো হলো। তবে সেচে এবং লাইফ লাইন (৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী) বিদ্যুতের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।”
সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ, দেলোয়ার হোসেন, মাকসুদুল হক উপস্থিত ছিলেন।
২০০৯ সালের ১ অগাস্ট আওয়ামী নেতৃত্বাধীন সরকারের সময় গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। আর সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয় গত বছর মার্চে।







