কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একটি গোলও করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তাতে কী? গোলস্কোর শূন্য হলেও ৩-১ গোলে জেতা ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন জিদানের প্রিয় শিষ্য৷ তবে খুব কাছে এসেও অধরা থেকে গেছে কিছু রেকর্ড।
মেসিকে টপকে বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি ব্যালন ডি’অর এবং পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতলেন রোনালদো। ২০০৮ সালে প্রথমবার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন পর্তুগাল ফরোয়ার্ড। আর ২০১৪, ২০১৬, ২০১৭ সালে রিয়ালের জার্সিতে ইউরোপ সেরার স্বাদ পেয়েছেন সিআর সেভেন।
টানা পাঁচ বছর চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডও রোনালদোর দখলে। ফাইনালে লিভারপুলের বিরুদ্ধে গোল করতে পারলে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ইউরোপিয়ান কাপ ফাইনালে গোল করার নজির গড়তেন তিনি।
পাশাপাশি সিআর সেভেনের কাছে সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফরোয়ার্ড ডি’স্টেফানোকে টপকে যাওয়ার। যদিও শনিবার রাতে এই রেকর্ড গড়তে সক্ষম হননি রোনালদো৷ তার দল ৩-১ লিভারপুলকে হারালেও ম্যাচটিতে একবারও বিপক্ষের জালে বল জড়াতে সক্ষম হননি রিয়ালের তারকা ফরোয়ার্ড।
এসবের মাঝেই ম্যাচ জয়ের পর স্পষ্টভাবে রোনালদো জানিয়েছেন ‘আমরা শিরোপার যোগ্য দল’৷









