আশ্বাস দিয়েছিলেন ফাইনালে গোল করবেন। কিন্তু সেই আশ্বাসটা শেষপর্যন্ত রক্ষা করা হয়নি অলিভিয়ে জিরুদের। ফাইনালে দল ৪ গোল দিয়ে বিশ্বকাপ জিতলেও গোল পাওয়া হয়নি ফ্রান্স ফরোয়ার্ডের। তাতে নামের পাশে যোগ হয়েছে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড! গোলমুখে একটি শটও নিতে পারেননি জিরুদ।
গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে কেবল খেলা হয়নি। এরপর পেরু ম্যাচ থেকে শুরু করে ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্যন্ত সব ম্যাচে ফ্রান্সের প্রথম একাদশেই ছিলেন জিরুদ। পুরো টুর্নামেন্টে মোট ৫৪৬ মিনিট খেলেছেন। অথচ গোল তো দূরের কথা, প্রতিপক্ষ পোস্টমুখে একটি শটও নিতে পারেননি চেলসিতে খেলা এ ফরোয়ার্ড। যেখানে গোল আছে চ্যাম্পিয়ন ফ্রান্স দলের ক্রিস্টিয়ান পাভার্ড, স্যামুয়েল উমতিতির মতো ডিফেন্ডারেরও।
গোল কিংবা শট নিতে পারেননি, তাহলে কী গুণে টিকে গেলেন দিদিয়ের দেশমের দলে? এখানেই জিরুদের কেরামতি! গোল না পেলেও ঠিকই ত্যক্তবিরক্ত করে ব্যস্ত রেখেছেন প্রতিপক্ষ রক্ষণকে। গোলমুখ খুলতে ভূমিকা রেখেছেন এমবাপে-গ্রিজম্যানদের পেছনে থেকে। গোল করাতে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন তিনবার।
সতীর্থদের উজ্জ্বল পারফরম্যান্সের কারণে গোল না পেয়েও বিশ্বকাপ বগলদাবা করে বাড়ি ফিরছেন জিরুদ। কিন্তু সঙ্গে যে রেকর্ডটাকে বাগালেন তা হয়ত তাড়া করে ফিরবে তাকে। তবে শিরোপার হাসির কাছে সেসব ব্যক্তিগত আক্ষেপ একসময় মলীন হয়ে যাবে!








