আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জের মুকসুদপুরের এ রাজ্জাক সুপার মার্কেট থেকে টিসিবির ১৮০ লিটার সোয়াবিন তেল ও তেলের ডিলার নিলুসহ ২ জনকে আটক করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার দুপুরের দিকে মুকসুদপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৮ এর এএসপি মো.ইফতেখায়রুজ্জামান বলেন, ৯০টি বোতলের প্রতিটি বোতলে ২ লিটার করে তেল রয়েছে।
তিনি বলেন, ‘অসহায় দরিদ্র মানুষের মধ্যে কমমূল্যে বিক্রির জন্য বরাদ্দকৃত সরকারের (টিসিবি) সোয়াবিন তেল মজুত করে উচ্চমূল্যে বাজারজাত করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের দিকে মুকসুদপুর এ রাজ্জাক সুপার মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় কুমারেশ নামে এক ব্যবসায়ীর দোকান থেকে ৮২ বোতল তেল উদ্ধার করা হয়।’
‘‘এরপর তার জবানবন্দি অনুযায়ী তেলের ডিলার নিলুর ঘরে অভিযান চালিয়ে আরো ৮ বোতল তেলসহ মোট ৯০ বোতল তেল উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় ওই দুইজনকে।’’
গ্রেপ্তার হওয়া কুমারেশের বাড়ি মুকসুদপুর পৌর এলাকার কমলাপুরে। সে ওই এলাকার কানাই রাহার ছেলে।
নিলুর বাড়ি মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পাথরাইল গ্রামে। সে ওই গ্রামের ছেকেন্দারের ছেলে।







