গুলশানে সন্ত্রাসী হামলার স্থান থেকে আলামত সংগ্রহ করছে সিআইডি। ওই হামলায় নিহত ৬ জাপানি নাগরিক মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক ছিলেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এ জন্য মেট্রোরেল প্রকল্পে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছেন তিনি।
গুলশানে হলে আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার একদিন পর রোববার সকালে ওই ঘটনাস্থলের তথ্য-উপাত্ত সংগ্রহ করতে আসেন সিআইডির ৬ সদস্যের ক্রাইম সিন ইউনিট। ভবনের ভেতর থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। এসব আলামত মামলার তদন্তে সহায়ক হবে বলে দাবি সিআইডির।
সিআইডির ইন্সপেক্টর প্রশান্ত দেবনাথ বলেন, এখন আমাদের কাজ হচ্ছে অবশিষ্ট যেসব আলামত আমরা এখানে পাবো সেগুলো সংগ্রহ করে আইওর কাছে দেওয়া ও এবং তদন্তে সহায়তা করা। এটাই মূলত প্রথম কাজ আমাদের।
গুলশানের সস্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে ৬জন জাপানি নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে তদন্তকারীরা। এদের সবাই রাজধানীর মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক ছিলেন বলে জানানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দাবি হত্যাকাণ্ড ওই প্রকল্পে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।
গুলশানে হামলাকারীদের সঙ্গে দু’দফায় পুলিশের সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং ৯ পুলিশ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। হামলাকারীদের হাতে জিম্মি হত্যা ঘটনায়ও গুলশান থানায় এখনো কোনো মামলা হয়নি।








