গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। শুক্রবার গুলশানে হলে আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।
হামলায় নিহতদের পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। গুলশান ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে নিরাপত্তা পরিষদ।
গুলশান হামলাকে ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ চাইলে যে কোনো ধরনের সাহায্যের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে ডেনমার্ক দূতাবাস থেকে প্রকাশিত বিবৃতিতে ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়ান জেনসেনের পক্ষ থেকে হামরার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করে এই দুঃসময়ে দুঃখ আর হতাশায় ডুবে না গিয়ে সবাইকে একজোট থাকার আহ্বান জানানো হয়।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ঢাকায় জাপানি নাগরিকদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য সম্ভাব্য সবকিছুই করবে জাপান সরকার। বিশ্বের যে কোনো দেশে জাপানি নাগরিকদের সুরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও বলেন শিনজো আবে।








